গত এক সপ্তাহ ধরে একটা দৃশ্য বারবার চোখে পড়ছে—পেট্রোলপাম্পের সামনে সারি সারি গাড়ি, দীর্ঘ অপেক্ষা। কেউ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত জ্বালানি পাচ্ছেন, কেউবা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এই দৃশ্যটা শুধু একটা সাময়িক সংকটের চিত্র নয়—এটা আমাদের এনার্জি বাস্তবতার প্রতিচ্ছবি। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে, আর তার সরাসরি প্রভাব পড়ছে আমাদের দৈনন্দিন জীবনে। অফিস টাইমিং পরিবর্তন করে দিনের আলো ব্যবহার নিশ্চিত করার চেষ্টা—এটাও সেই বাস্তবতারই অংশ।
কিন্তু বড় প্রশ্ন হলো—আমরা কি এখনো জ্বালানি নির্ভর ভবিষ্যতের দিকেই তাকিয়ে আছি? পৃথিবী যখন দ্রুত ইলেকট্রিক ভেহিকল ও নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে যাচ্ছে, আমরা এখনো মূলত ফসিল ফুয়েল নির্ভর সিস্টেমে আটকে আছি।
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৯০% এখনো গ্যাস, তেল ও কয়লার উপর নির্ভরশীল। অন্যদিকে, নবায়নযোগ্য শক্তির অংশ খুবই সীমিত—সৌর শক্তি কিছুটা এগিয়েছে, জলবিদ্যুৎ মূলত কাপ্তাই-নির্ভর, আর বায়ু শক্তি এখনো প্রাথমিক পর্যায়ে। তবে আশার জায়গাও আছে। বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে ২০% এবং ২০৪১ সালের মধ্যে ৩০% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নিয়েছে। এই লক্ষ্য অর্জন করতে হলে এখন থেকেই আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।
আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকেই বলি—আমাদের রিয়েল এস্টেট প্রকল্পগুলোতে আমরা ইতোমধ্যে প্রায় ১০% বিদ্যুৎ রুফটপ সোলার থেকে তৈরি করছি। লক্ষ্য—আগামী পাঁচ বছরে এটিকে ২০%-এ নিয়ে যাওয়া।

khan Plaza
আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলাম আমাদের সি-ফিশিং ডিভিশনে। গত ডিসেম্বর, ৬০০ মেট্রিক টন ক্যাপাসিটির একটি কোল্ডস্টোরেজকে আমরা ক্লিন এনার্জিতে রুপান্তর করি। ০.৩ মেগাওয়াট সক্ষমতার একটি সোলার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে—এবং নেট মিটারিং চালুর পর আমরা সরাসরি খরচ সাশ্রয়ের প্রভাব দেখতে পাচ্ছি।

Rancon Sea Fishing Cold Storage (0.3 MW Solar Energy)
এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে আমাদের নিজেদের প্রতিষ্ঠান—Rancon Infrastructure & Engineering Ltd.
রুফটপ সোলার এখন জনপ্রিয়। কিন্তু সত্যিকারের সম্ভাবনা এর বাইরেই।
বাংলাদেশে সোলার এনার্জির ভবিষ্যৎ গড়ে উঠতে পারে কয়েকটি বড় পথে—
ফ্লোটিং সোলার—জমির সীমাবদ্ধতা কাটিয়ে জলাশয়ে বিদ্যুৎ উৎপাদন

ইউটিলিটি-স্কেল সোলার—দীর্ঘমেয়াদী স্থিতিশীল আয়ের উৎস

সোলার কারপোর্ট—পার্কিং এর উপর solar canopy

এগ্রিভোল্টাইক্স—কৃষি ও শক্তির সমন্বয়
ক্যাপটিভ সোলার—নিজস্ব বিদ্যুৎ উৎপাদন
মাইক্রোগ্রিড—উপকূলীয় ও দুর্গম অঞ্চলের সমাধা
BIPV—ভবনের ডিজাইনেই শক্তি উৎপাদন
বিশেষ করে BIPV—এখানেই আমরা ভবিষ্যতের বড় সুযোগ দেখি। রিয়েল এস্টেট প্রজেক্টের ফ্যাসাড, গ্লাস ও শেডিং সিস্টেমে সোলার ইন্টিগ্রেশন—যেখানে স্থাপত্য এবং শক্তি একসাথে কাজ করবে।
আমার বিশ্বাস, আগামী দিনের প্রতিযোগিতা শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকবে না—বরং নির্ধারিত হবে কে কত দ্রুত Energy + Infrastructure + Sustainability-কে একসাথে নিয়ে যেতে পারে।
আজ পেট্রোলপাম্পের সেই দীর্ঘ লাইনের দিকে তাকিয়ে মনে হয়—এটা হয়তো আমাদের জন্য একটা সতর্কবার্তা।
প্রশ্নটা এখন আর “সমস্যা আছে কি না” নয়, বরং—আমরা কত দ্রুত সমাধানের পথে হাঁটতে পারি।